ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী, বাগেরহাট ও মাদারীপুরে শুক্রবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে। আহত হয়েছে আরো নয়জন।
এর মধ্যে নরসিংদীর বেলাব উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন মারা যায়। শিবপুর উপজেলায় মারা যায় একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: শুক্রবার দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর এবং দুপুর ৩টায় একই সড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নূর আহমেদ (৫০), সীমা বেগম (৪০) ও প্রেমানন্দ সাহা (৪০)।
শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল হাসান সাংবাদিকদের জানান, নরসিংদী শহরের সিএন্ডবি রোডের শ্বশুর বাড়ি থেকে প্রেমানন্দ সাহা নামে এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে প্রাইভেটকারে করে রায়পুরা যাচ্ছিলেন।
পথে উপজেলার কুন্দারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা চলনবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে প্রেমানন্দ সাহা, তার ছেলে বিনয় সাহা (১০) ও চালক গুরুতর আহত হয়।
আহতদেরকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান প্রেমানন্দ মারা গেছেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বেলাব থানার ওসি সাইদুর রহমান জানান, উপজেলা নারায়ণপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ইশা খাঁ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন নূর আহমেদ ও তার স্ত্রী সীমা।
রাজধানীর লালবাগের বাসিন্দা নূর আহমেদ পরিবারের সদস্যদের নিয়ে একটি মাইক্রোবাসে করে কুলিয়ারচর যাচ্ছিলেন।
দুর্ঘটনায় আহত আরো পাঁচজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পৃথক দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানায় দু'টি মামলা হয়েছে।
বাগেরহাট: শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার পুরাতন বাগেরহাট-রূপসা সড়কের রহিমাবাদে বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (১০) নামে এক শিশু মারা গেছে। আহত হয়েছেন তার বাবা মো. জাফর (৪০)।
তারা ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সোনাহুতা গ্রামের বাসিন্দা। ঝালকাঠি থেকে ভাড়ায়চালিত একটি মটরসাইকেলে বাগেরহাটে আসছিলেন তারা।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পরপর বাস ও ভাড়ায় চালিত মটরসাইকেলের চালক উভয়েই পালিয়ে যায়।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত জাফরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর: শুক্রবার দুপুর ১২টায় শিবচর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাখরেরকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় ভাড়ায় চালিত মটরসাইকেল যাত্রী জয় রায় (২৪) মারা গেছেন।
জয় মুন্সীগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামের যোগেশ রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও শিবচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম জানান, জয় ভাড়ায় চালিত মটরসাইকেলে শিবচর কাওড়াকান্দি ঘাট থেকে ফরিদপুর যাচ্ছিলেন। বাখরেরকান্দি এলাকায় আসার পর ফরিদপুরগামী দোলা পরিবহন পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জয় মারা যান।
মটরসাইকেল চালক সুমন (২৭) গুরুতর আহত হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে বলে সার্জেন্ট আসাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.
bdnews24