২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে রাতের আঁধারে শিবিরের মহড়া

বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের আঁধারে মটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 11:19 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের আঁধারে মটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে ছাত্রশিবির। বৃহস্পতিবার রাতের এ ঘটনার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবিরকে প্রতিরোধের আহ্বান জানিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৮ জানুয়ারি ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন নিহত হন। এছাড়া ছাত্রলীগের চার কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয় ছাত্রশিবির। সে সময় পুলিশসহ আরো অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মীও আহত হয়। এসব ঘটনায় নগরীর মতিহার থানায় হত্যাসহ ১৪টি মামলা হয়। মামলায় রাজশাহীতে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া পলাতক রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অনেক নেতাকর্মী। বিশ্ববিদ্যালয়ে ওই সংঘর্ষের পর তিনদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিলো। পরবর্তীতে ১৭ এপিল গ্রীষ্মের ছুটি শুরু হয়। ৪৫ দিনের ছুটি শেষে আগামী ১ জুন ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। ক্যাম্পাস খোলার কয়েকদিন আগে ছাত্রশিবিরের এ মহড়ায় ক্যাম্পাসে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ৫-৬টি মটরসাইকেলে ১৫-১৮ জন যুবকের একটি দল ক্যাম্পাসে মহড়া দিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যায়। গ্রন্থাগারের প্রধান ফটকের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের স্থাপিত ছাত্রশিবিরের একটি কুশপুত্তলিকা ভাংচুর করে তারা। এসময় গ্রন্থাগারের নৈশপ্রহরী কাজিম আলী ও নাসির উদ্দিন তাদের পরিচয় জানতে চাইলে তারা তাদের হুমকি দেয়। পরে পুলিশের উপস্থিতিতে কাজলা গেট দিয়ে বেরিয়ে যায় তারা। নৈশপ্রহরী নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা ৫-৬টি মটরসাইকেলে এসে কুশপুত্তলিকা ভাংচুর করে। বাধা দিয়ে পরিচয় জানতে চাইলে তারা আমাদের মেরে ফেলার হুমকি দেয়। পরে বিষয়টি প্রক্টর অফিসে জানাই।" প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, সামগ্রিক পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব ফটকসহ পুরো ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানো হবে বলে তিনি জানান। মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, ক্যাম্পাসে আরো পুলিশ মোতায়েন করা হবে। রাতের অন্ধকারে মটরসাইকেল নিয়ে যারা ক্যাম্পাসে ঢুকে ভাংচুর করেছে তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ছাত্রশিবিরের মহড়ার পর রাতেই ছাত্রলীগ হলে হলে বিক্ষোভ মিছিল করে শিবিরকে প্রতিরোধ করার জন্য সবার প্রতি আহ্বান জানায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আউয়াল কবির জয় বলেন, শিবির হত্যা এবং রগ কাটার রাজনীতি করে ছাত্রলীগের নামে ক্যাম্পাসে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি অবিলম্বে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫৩৪ ঘ.