২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিতে ফাটল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাটি ফেটে যাওয়ার বিষয়টি পরীক্ষার জন্য ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 05:17 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

নারায়ণগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাটি ফেটে যাওয়ার বিষয়টি পরীক্ষার জন্য ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের সময় বিশেষজ্ঞরা এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা ও ডেমরার দুটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা সুতালরা এলাকার লম্বালম্বি প্রায় এক কিলোমিটার ও উপজেলার গোলাকান্দাইল, হাটাব এলাকাজুড়ে প্রায় ৫০ টি পয়েন্টে ২/৩ ফুট গভীরতায় মাটি ফেটে গেছে। বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিপ্তরের পরিচালক ড. এ এস এম মাকসুদ কামাল চার সদস্যের বিশেষজ্ঞ দলের নেতৃত্বে দেন। ভূমিকম্প বিশেষজ্ঞ ও কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্ট (সিডিএমপি) এর উপদেষ্টা মাকসুদ কামাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে কি কারণে এ এলাকায় ভূমিধসের ঘটনা ঘটছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ভূ-অভ্যন্তরের জীবশ্ম স্তর বা পিট লেয়ার বর্ষার পানি পেলে ফুলে-ফেঁপে ওঠে, এ কারণেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। এছাড়া মাটির নিচে চাপা পড়া পুরনো গাছপালা পঁচে স্তর সৃষ্টি হয়। এর সঙ্গে মাটির সামঞ্জস্য না হলেও ভুমিধসের ঘটনা ঘটতে পারে। মাকসুদ কামাল বলেন, এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। উঁচু ভবন ও সেতু নির্মাণের ক্ষেত্রে অবশ্যই মাটি পরীক্ষা করে নিতে হবে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বরপা মসজিদ, মোল্লাবাড়ি জামে মসজিদসহ আশপাশের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলার বরপার সুতালরা এলাকার মুক্তিযোদ্ধা রফিক মোল্লা জানান, ব্যাপারটি উদ্বেগজনক, এলাকাবাসী উৎকন্ঠায় আছে। বিশেষজ্ঞদলের ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদা সুলতানা মল্লিক সাংবাদিকদের বলেন, বিশেষজ্ঞ দলটি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরার্মশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৩ ঘ.