চাঁপাইনবাবগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ল্যান্ড ফোনের জন্য আবেদন করে সংযোগ না পেলেও পাঁচ মাস ধরে নিয়মিত বিল পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের এক শিক্ষক।
শিক্ষক আবুল খায়ের ফোন বিল নিয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করলে তাকে তা পরিশোধ করার পরামর্শ দেন কর্মকর্তারা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর দাখিল মাদ্রাসার শিক্ষক তাহেরপুর গ্রামের খায়ের সাংবাদিকদের জানান, গত বছর জুলাই মাসে ল্যান্ড ফোনের জন্য আবেদন করেন তিনি। এ ব্যাপারে তিনি স্থানীয় বিটিসিএল কার্যালয়ে একাধিকবার যোগাযোগও করেন।
কিন্তু তিনি 'ডিমান্ড নোট' অথবা সংযোগ কোনোটাই পাননি। অথচ ২০০৯ সালের ডিসেম্বর মাস থেকে তার নামে ৫১৩৭৬ নম্বর টেলিফোনে সংযোগের বিপরীতে বিল ইস্যু হচ্ছে। এপ্রিল মাসেও তিনি ৮১ টাকার বিল পেয়েছেন।
বিটিসিএল এর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তার জানা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৩ ঘ.
bdnews24