২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশ্রুতি সত্ত্বেও বন্ধ হয়নি ক্রসফায়ার: অ্যামনেস্টি

ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ক্রসফায়ার' বন্ধের প্রতিশ্রুতি দিলেও তা বন্ধ না হওয়ার সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 09:33 AM

Updated : 25 Aug 2022, 11:16 AM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ক্রসফায়ার' বন্ধের প্রতিশ্রুতি দিলেও তা বন্ধ না হওয়ার সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার বিডিআর সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলেও দাবি করেছে তারা। যুক্তরাজ্যভিত্তিক এ সংগঠনটির বার্ষিক প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশে নারীরা এখনো এসিড সন্ত্রাস, ধর্ষণ, নির্যাতন ও হামলার শিকার হচ্ছেন। আর এর প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই। অ্যামনেস্টির ২০১০ সালের প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের ঘটনাবলির ওপর আলোকপাত করা হয়। ৪৩০ পৃষ্ঠার প্রতিবেদনে বিশ্বের ১৫৯টি দেশের মানবাধিকার চিত্র তুলে ধরা হয়েছে। সংগঠনটির বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর বিনা বিচারে হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দিলেও তা অব্যাহত রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রথম ৯ মাসে র‌্যাব ও পুলিশের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে ৭০টি। "এ ধরনের ঘটনাগুলোকে ক্রসফায়ারই বলুন অথবা অন্য কিছুই বলুন, তা বন্ধ করতে হবে। সরকারের অঙ্গীকার সত্ত্বেও আরো বেশি করে তা ঘটছে", বলেন তিনি। অ্যামনেস্টির প্রতিবেদনে বাংলাদেশ অধ্যায়ে 'ক্রসফায়ার' এর একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, সরকার সমর্থক ছাত্রলীগের দুই নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ও মোহসিন শেখের পরিবার দাবি করেছে র‌্যাবের গুলিতে তারা দুইজন নিহত হয়েছে। "যদিও র‌্যাব বলছে, একটি চেক পয়েন্টে তাদের থামানোর চেষ্টা করা হলে তারা থামেনি এবং বন্দুকযুদ্ধে তারা মারা যায়। অথচ ময়না তদন্তে দেখা গেছে অন্য কিছু।" এ ঘটনায় ১০ জন র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করলেও এদের কাউকে বিচারের সম্মুখীন করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়। গত বছরের ফেব্র"য়ারিতে বিদ্রোহের পর গ্রেপ্তার বিডিআর সদস্যদের সঙ্গে বাইরের সব যোগাযোগ বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়। এতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এরপর ৩ হাজারের বেশি বিডিআর সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে ১০ অক্টোবর পর্যন্ত আটকাবস্থায় অন্তত ৪৮ জন মারা গেছেন। তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অভিযুক্ত বিডিআর সদস্যদের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে বিচারকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি বলে অ্যামনেস্টি বলছে। একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াও অ্যামনেস্টি পর্যবেক্ষণ করছে বলে জানান আববাস ফয়েজ। তিনি বলেন, "এ বিচার হতে হবে স্বচ্ছ ও পক্ষপাতহীন।" প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এখনো সরকারবিরোধীদের ওপর 'অযথা' পুলিশি হয়রানি ও জোর-জবরদস্তি অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে জাতীয় তেল-গ্যাস রক্ষা কমিটির বিক্ষোভে পুলিশি নির্যাতনের কথা উল্লেখ করা হয়। অধ্যাপক আনু মুহাম্মদসহ অনেকেই এতে আহত হন। কিন্তু এই ঘটনার কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি বলে জানায় অ্যামনেস্টি। প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে যৌতুক দিতে না পারায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২১ জন নারী। ২০০৯ সালের জানুযারি থেকে অক্টোবর মাস পর্যন্ত পুলিশ এ সম্পর্কিত ৩ হাজার ৪১৩টি অভিযোগ গ্রহণ করেছে। বিভিন্ন নারী সংগঠনের উদ্ধৃতি দিয়ে অ্যামনেস্টি বলছে, নারী নির্যাতনের অনেক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জড়িত, বিশেষ করে পুলিশের হাতে আটকাবস্থায় যৌনকর্মীরা ধর্ষণের শিকার হন। তবে তারা ভয়ে মুখ খুলছেন না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত তিন বছরে বাংলাদেশে ৬৪ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পাঁচ আসামির মৃত্যুদণ্ডের বিষয়টিও উল্লেখ করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। বিশ্বব্যাপী ক্ষমতার রাজনীতি ন্যায়বিচার প্রতিষ্ঠাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৫২০ ঘ.