কক্সবাজার, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফে মামলার তদন্ত করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত পুলিশ কনস্টেবল ময়ছিং মারমা (৩২) আট দিন পর মারা গেছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি বান্দরবানের থানচি উপজেলায়। তার লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম সালাহউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসী হামলার পর ময়ছিংয়ের মাথায় অস্ত্রোপচার করা হয়েছিলো। বুধবার রাতে তার মৃত্যু হয়।
ময়ছিংয়ের সঙ্গে আহত টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক ইমাম হোসেনের অবস্থা উন্নতির দিকে বলে সালাহউদ্দীন জানান।
গত ১৯ মে সন্ধ্যায় টেকনাফের হাবিরছড়া এলাকায় একটি মামলার তদন্ত করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন ময়ছিং ও ইমাম।
তাদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। অন্যরা এখনো পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24