২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক দুর্ঘটনায় যশোরে পুলিশসহ নিহত ৭

যশোরে বাস ও ট্রাকের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে অভয়নগর থানার রাজঘাট এলাকায় যশোর-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

যশোর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে বাস ও ট্রাকের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে অভয়নগর থানার রাজঘাট এলাকায় যশোর-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। জেলার ঝিকরগাছায় পিকআপভ্যানের ধাক্কায় মারা গেছেন আরেকজন। এ দুটি দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- পুলিশ কনস্টেবল বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা গ্রামের শেখ জিল্লুর রহমান, যশোরের নওয়াপাড়ার মষিহাটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী কার্তিক মণ্ডলের মেয়ে লিপি মণ্ডল, রংপুরের কামালকান্দা গ্রামের আব্দুল মালেক, সাতক্ষীরার তালা এলাকার তুষার, বাগেরহাটের মোরেলঞ্জের আল আমিন ও যশোরের ঝিকরগাছার পুরন্দপুর গ্রামের তোফায়েল। অভয়নগর থানার ওসি আহসান কবির সাংবাদিকদের জানান, উপজেলার তালতলা মাইলপোস্টের কাছে কুড়িগ্রাম থেকে পিরোজপুরগামী একটি বিআরটিসি বাস ও বিপরীতমুখী একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবলসহ দুজন মারা যায়। গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ সদস্য জিল্লুর ওই নৈশ কোচটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে ওসি জানান। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন- সরোয়ার, শম্পা, সুমন, মিজানুর, আরেফীন ও রহিম। তাদের খুলনা, যশোর ও নওয়াপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিকরগাছা থানা পুলিশ জানায়, বুধবার সকাল ৭টায় উপজেলার পুরন্দপুর গ্রামে পিকআপভ্যানের ধাক্কায় আহত হন তোফায়েল ও তার ছেলে। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/২০০৯ ঘ.