কিশোরগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে ছাত্রদলের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে পণ্ড হয়ে গেছে সংগঠনের কর্মী সমাবেশ।
মঙ্গলবার দুপুরে শহরের রথখলা ময়দানে বিরোধীদল বিএনপির সহযোগী সংগঠনটির দুই গ্র"পের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান।
সংঘর্ষের সময় সমাবেশ মঞ্চে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তিনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সভাস্থল ত্যাগ করেন।
ঘটনার জন্য দুপক্ষই পরস্পরকে দায়ী করেছে।
সংগঠনের নেতাকর্মীরা জানায়, নতুন কমিটি গঠনের আগে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এই কর্মী সমাবেশ ডাকা হয়েছিল।
গত কয়েকদিন ধরেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা শহরে নিজেদের তৎপরতা জোরদার করে।
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল সমর্থকরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকে। দুপুর ১টায় ছাত্রদল সভাপতি টুকু অন্যান্য নেতাকে সঙ্গে নিয়ে সমাবেশস্থলে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জানান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল- মাসুদ সুমনের সমর্থকদের একটি মিছিল মঞ্চের দিকে অগ্রসর হওয়ার সময় তাদের বাধা দেয় সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সভাপতি প্রার্থী তারিকুজ্জামান পার্নেলের সমর্থকরা।
এতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এক পর্যায়ে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে একে অপরকে ধাওয়া করে।
সংঘর্ষে আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি-সার্কেল) এ কে রহমতুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো কোনো পক্ষ মামলা করেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, কেন্দ্রীয় সভাপতির নির্দেশে মঞ্চ থেকে অতিরিক্ত লোক নামিয়ে দিতে গেলে কিছু কর্মী বিশৃঙ্খলার সৃষ্টি করে। সম্ভবত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের সমর্থকরাই এ বিশৃঙ্খলা ও মারামারির ঘটনায় জড়িত।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, সভাপতি পদে তার বিজয় নিশ্চিত জেনে বর্তমান সভাপতির সমর্থকরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
তিনি দাবি করেন, তার পক্ষের অন্তত ১৫ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে সৈয়দ নাসিমুল হক, মোস্তফা তানজিব ও রাজু আহমেদের অবস্থা গুরুতর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.
bdnews24