২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানা করায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

নড়াইলে শহরের ১৩টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 11:10 AM

নড়াইল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলে শহরের ১৩টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ওইসব দোকান মালিককে ৫৩ হাজার টাকা জরিমানা এবং একটি দোকান সিলগালা করে দেওয়া হয় বলে জানিয়েছেন আদালতের বিচারক নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তবিবুর রহমান। এর প্রতিবাদে বিকাল ৪টা থেকে দোকান বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছেন ওষুধ ব্যবসায়ীরা। তাদের দাবি, নিয়ম মেনে ব্যবসা করলেও প্রশাসন তাদের হয়রানি করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগ ১৩টি দোকানকে জরিমানা করা হয়েছে। এছাড়া নড়াইল সদর হাসপাতাল গেটে অবস্থিত বাদল মেডিকেল হল এর শতকরা ৮০ ভাগ ওষুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। নড়াইল জেলা ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সমিতির সভাপতি হেফজুর রহমান খশবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীদের হয়রানি করার প্রতিবাদে নড়াইল শহরের সব ওষুধের দোকান বন্ধ রাখা হয়েছে। তিনি দাবি করেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোম্পানিকে ফেরত দিতে দোকানে রাখা ছিল। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি জানান। বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সঙ্গে আলোচনা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.