২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রদলনেতা অস্ত্রসহ গ্রেপ্তার

ঢাকার সাভারে একটি আবাসিক হোটেল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 11:10 AM

সাভার, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে একটি আবাসিক হোটেল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে সাভারের শিমুলতলা এলাকার হোটেল হাইওয়ে সাভার-এ অভিযান চালিয়ে দুই সহযোগীসহ এই ছাত্রদলনেতাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। আটককৃতরা হলেন- জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ (২৭), তার সহযোগী মহিদুজ্জামান (২৬) ও সেলিম হোসেন (২৮)। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক সাংবাদিকদের জানান, হোটেল হাইওয়ে সাভারের বিভিন্ন কক্ষ তল্লাশি করে নাহিদ ও তার দুই সহযোগীকে আটক করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। র‌্যাব কর্মকর্তা জানান, নাহিদের বিরুদ্ধে সাভারের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি অভিযোগ রয়েছে। নাহিদ রাতে অপরাধমূলক কর্মকাণ্ড করেন, আর দিনে সাভারের বিভিন্ন আবাসিক হোটেলে আত্মগোপন করে থাকেন বলে র‌্যাব কর্মকর্তা দাবি করেন। এ ঘটনায় সাভার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব কর্মকর্তা শাহ মিজান। নাহিদ সাংবাদিকদের জানান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩২ তম ব্যাচের ছাত্র। এক বছরের জন্য তাকে জাবি থেকে বহিস্কার করা হয়েছে। এরপর থেকে তিনি বিভিন্ন হোটেলে রাত কাটাতেন। তার দাবি, হোটেলে তার কক্ষে কী করে অস্ত্র এলো সে সর্ম্পকে তিনি কিছুই জানেন না। র‌্যাব যখন তার কক্ষে অভিযান চালায় তখন তিনি ঘুমিয়ে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৩ ঘ.