দিনাজপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শ্রমিক ধর্মঘট তৃতীয় দিনের মতো চলছে।
স্থায়ী নিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে গত রোববার থেকে শ্রমিকরা ধর্মঘট শুরু করে। ফলে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে।
আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের সঙ্গে খনি কর্তৃপক্ষ সোমবার বিকালে আলোচনায় বসে।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মমিনুল হক সাংবাদিকদের বলেন, বৈঠকে শ্রমিকদের দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দিতে পারেনি।
ফলে কর্মবিরতি অব্যাহত রেখে খনির আবাসিক গেইটে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা অবস্থান নিয়ে আছে।
এ বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক সাংবাদিকদের বলেন, "আমরা কোম্পানি ও সরকারের নীতিমালাসহ নির্দেশগুলো শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা তাদের দাবিতে অনড়।"
কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী শ্রামিকদের নিয়োগ করা হয় ঠিকাদারের মাধ্যমে। ফলে স্থায়ী করার সুযোগ নেই। অন্যদিকে শ্রমিকদের দাবি, প্রশিক্ষিত শ্রমিকদেও স্থায়ী নিয়োগের প্রতিশ্র"তি ছিলো।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পরিচালিত ওই খনিতে মোট শ্রমিকের সংখ্যা ২৯২ জন। এর মধ্যে ২৬৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত বলে শ্রমিকরা বলছেন।
বেতন বকেয়ার বিষয়ে প্রকৌশলী ফারুক বলেন, "শ্রমিকরাই তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বেতন গ্রহণ করছে না। সরকারের নির্দেশ অনুযায়ী তাদের নিয়োগকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ এবং বেতন গ্রহণ করতে হবে।"
মধ্যপাড়া খনি থেকে বছরে সাড়ে ১৬ লাখ টন গ্রানাইট পাথর উত্তোলন করা হয়। এ শিলা বাঁধ, সেতু, সড়ক নির্মাণে ব্যবহৃত হয়। খনি থেকে প্রতি টন শিলা উত্তোলনে গড় খরচ ৭০২ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৩০ ঘ.
bdnews24