ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপসচিব পদে নিয়োগ-পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য শতকরা ৭৫ ভাগ কোটা সংরক্ষণকে বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। তবে উপসচিবের উপরের পদগুলোতে কোটা সংরক্ষণ বৈধ নয় বলে রায় দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার এই রায় দেয়।
আপিল বিভাগের এই রায়ের ফলে অতিরিক্ত ও যুগ্ম সচিব পদে নিয়োগ-পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য শতকরা ৭০ ভাগ কোটা সংরক্ষণ অবৈধ হয়ে গেল।
১৯৯৮ সালের ১০ ফেব্র"য়ারি প্রণীত পদোন্নতি নীতিমালায় উপসচিব পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য শতকরা ৭৫ ভাগ পদ সংরক্ষণ করা হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে তথ্য ক্যাডারের কর্মকর্তা তৌহিদ উদ্দিন আহমেদ ও স্বাস্থ্য ক্যাডারের রফিউল ইসলাম রিট আবেদন দায়ের করেন।
২০০২ সালে ১৩ ফেব্র"য়ারি হাইকোর্ট এর ওপর দেওয়া রায়ে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের শতকরা ৭৫ ভাগ কোটা সংরক্ষণকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে।
সরকার ও পদোন্নতি পাওয়া প্রশাসন ক্যাডারের ১৯ উপসচিব হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পাঁচটি লিভ টু আপিল করেন আপিল বিভাগে।
২০০২ সালে হাইকোর্টের রায়ের পর পদোন্নতির নীতিমালাকে বিধিমালায় পরিণত করা হয়। এই বিধিমালায় উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য শতকরা ৭৫ ভাগ এবং অতিরিক্ত ও যুগ্ম সচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য শতকরা ৭০ ভাগ কোটা সংরক্ষণ করা হয়।
আপিলকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম ও সিনিয়র অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি ও অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।
রায়ের পর ব্যারিস্টার আমীর উল ইসলাম সাংবাদিকদের বলেন, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য শতকরা ৭৫ ভাগ কোটা সংরক্ষণকে বৈধ বলে রায় দিয়েছে আপিল বিভাগ। তবে অতিরিক্ত ও যুগ্ম সচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য কোটা সংরক্ষণকে অবৈধ বলেছে আদালত।
রিটকারীর পক্ষের আইনজীবী কামরুল হক সিদ্দিকী বলেন, আপিল বিভাগ তার রায়ে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য শতকরা ৭৫ ভাগ কোটা সংরক্ষণকে বৈধ এবং অতিরিক্ত ও যুগ্ম সচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য শতকরা ৭০ ভাগ কোটা সংরক্ষণকে অবৈধ বলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২২২৭ ঘ.
bdnews24