ব্রাহ্মণবাড়িয়া, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
সোমবার বিকাল সোয়া ৩টায় আখাউড়া রেলওয়ে জংশনের 'মেইন পয়েন্টে' সিলেট থেকে চট্রগ্রামগামী আন্তনগর ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।
এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বগিটি উদ্ধারের পর সন্ধ্যা সোয়া ৬টায় ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টি এ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার কারণে চারটি ট্রেন আটকা পড়েছিল।
এগুলো হল- ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেন উপকূল, চট্টগ্রামগামী কর্ণফুলী, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ও ভৈরব থেকে চাঁদপুরমুখী চাঁদপুর লোকাল ট্রেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৩ ঘ.
bdnews24