২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্টের রুল

ফতোয়া বা ইসলামী শরিয়ার নামে বিচার বহির্ভূত শাস্তি প্রদান কেন অবৈধ ও মানবাধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 12:02 PM

Updated : 26 Apr 2022, 01:05 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়া বা ইসলামী শরিয়ার নামে বিচার বহির্ভূত শাস্তি প্রদান কেন অবৈধ ও মানবাধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট । সেইসঙ্গে ফতোয়া ও ইসলামী শরিয়ার নামে বিচার বহির্ভূত শাস্তি আরোপ নিরুৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচীতে এ বিষয়ে পাঠ্যউপকরণ অন্তর্ভূক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। সরকারের স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ধর্ম সচিব, সংস্কৃতি সচিব, পুলিশের মহাপরিদর্শক, ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ ব্যারিস্টার মাহবুব শফিক, অ্যাডভোকেট কে এম হাফিজুল আলম ও ইমরানুল হাইয়ের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। গত ২২ মে দৈনিক প্রথম আলো প্রত্রিকায় 'বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা, গ্রেপ্তার ৪' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। হাইকোর্ট আগামী সাত দিনের মধ্যে এ ঘটনার তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে জেলার পুলিশ সুপার ও বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ২ জুন ওই তরুণী ও তার অভিভাবককে নিরাপত্তা দিয়ে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সংবাদ মাধ্যমকে ওই তরুণী ও তার অভিভাবকের নাম প্রকাশ না করতে বলা হয়েছে। রিট আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব শফিক এবং কে এম হাফিজুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৭৫৯ঘ.