২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত বিচার আদালত থেকে ফেরত গেলো রমনার বোমা মামলা

নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না করায় রমনা বটমূলে বোমা হামলার একটি মামলা দ্রুত বিচার আদালত থেকে ফেরত গেছে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 10:42 AM

Updated : 25 Aug 2022, 10:58 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না করায় রমনা বটমূলে বোমা হামলার একটি মামলা দ্রুত বিচার আদালত থেকে ফেরত গেছে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে। বিচারের নির্ধারিত সময়সীমা ১৩৫ কার্যদিবস অতিক্রান্ত হওয়ায় সোমবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক কানিজ আকতার নাসরিনা খানম হত্যা মামলার নথিপত্র আগের বিচারিক আদালতে পাঠিয়ে দেন। এ ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের অন্য মামলাটি বিচারাধীন। তবে সরকার চাইলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি আবার দ্রুত বিচার আদালতে পাঠাতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৮৪ সাক্ষীর মধ্যে দ্রুত বিচার আদালতে ৫০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছিলো। সোমবার মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে কোনো সাক্ষী হাজির ছিলেন না। তবে আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, হাফেজ আবু তাহের, আব্দুর রউফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আকবর হোসেনও আদালতে হাজির হন। মাওলানা তাজউদ্দিনসহ মামলার অপর ৮ আসামি পলাতক। রমনার মতো পল্টনের বোমা হামলার মামলার বিচারও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় দ্রুত বিচার আদালত থেকে ফেরত যায়। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। ঘটনার পর পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। ছয়জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০০৮ সালের ২৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ হত্যার অভিযোগে একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬৩০ ঘ.