ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুরাইনের বাড়িটি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের আস্তানা ছিলো বলে দাবি করেছে পুলিশ। সেখান থেকে ১০টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
কদমতলী থানার ওসি আয়ুবুর রহমান সোমবার সাংবাদিকদের বলেছেন, ওই বাড়ি থেকে গ্রেপ্তার সিদ্দিকুর রহমান নিষিদ্ধ সংগঠনটির সামরিক শাখার সদস্য ছিলেন।
রাজধানীর জুরাইনের কমিশনার রোডে একটি বাড়ির তিন তলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় রোববার রাতে বোমা হামলায় সাত পুলিশ সদস্য আহত হন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর দাবি, প্রধান বিরোধী দলের হরতালের সঙ্গে জঙ্গিদের তৎপরতার যোগসূত্র রয়েছে।
তিনি সোমবার সাংবাদিকদের বলেন, "আমি শঙ্কিত। হরতাল ঘোষণার সঙ্গে সঙ্গে জঙ্গিরা তৎপর হয়েছে।"
বিএনপি আগামী ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তার প্রতি ইঙ্গিত করেই প্রতিমন্ত্রীর এ বক্তব্য।
পুলিশ কর্মকর্তা আয়ুবুর বলেন, সিদ্দিকুর ছয় মাস আগে জুরাইনের ওই বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটটি ভাড়া নেয়। নিজেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বলে পরিচয় দেন তিনি।
ঘরের খাটের নিচে একটি কাপড়ের পুটলিতে ১০টি হাতে তৈরি গ্রেনেড পাওয়া যায় বলে তিনি জানান।
ওসি বলেন, এছাড়া তিনটি গ্রেনেড পুলিশের দিকে ছোড়া হয়েছিলো, যেগুলো বিস্ফোরিত হয়।
সিদ্দিকুর রহমান, তার স্ত্রী, তার শ্যালক এবং শ্যালকের স্ত্রী ওই বাড়িতে থাকতেন বলে পুলিশ জানায়।
আহত এক পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, "এক মহিলা দরজা খুলে দেয়। ভেতরে অন্ধকার ছিলো। লাইট জ্বালিয়ে পুলিশ দেখতে পেয়েই ভেতর থেকে বোমা ছুড়ে মারা হয়।"
সিদ্দিকুরকে গ্রেপ্তার করা হলেও বাড়ির অন্য সদস্যরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
পুলিশ কর্মকর্তা আয়ুবুর বলেন, পুলিশের বিশেষ শাখার জঙ্গি দমন ইউনিটের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসানের নেতৃত্বে কমিশনার রোডের ওই বাড়িতে অভিযানে যায়। তাদের সহায়তা করে কদমতলী থানা পুলিশ।
ওসি বলেন, "বাড়ির মালিক নান্নু হাজিকে সঙ্গে করে সন্দেহভাজনদের ধরতে তিনতলায় ফ্ল্যাটটিতে গেলে ভেতর থেকে বোমা ছুড়ে মারা হয়।"
দরজার সামনে ও সিঁড়িতে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা বিস্ফোরণে আহত হয় বলে তিনি জানান।
আহত পুলিশ সদস্যদেও ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দেখতে সকালে হাসপাতালে যান প্রতিমন্ত্রী। তার সঙ্গে পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদও ছিলেন।
"প্রস্তুতি নিয়েই জঙ্গিরা ওই হামলা চালিয়েছে", বলেন প্রতিমন্ত্রী।
রোববার রাতের ওই ঘটনায় বাড়িওয়ালাসহ আরো তিনজন আহত হয় বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬১০ ঘ.
bdnews24