২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 04:03 AM

Updated : 25 Aug 2022, 11:01 AM

কুষ্টিয়া, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে উপজেলার কুর্শা গ্রামে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ায় এ নিয়ে গত ২৩ দিনে আইন-শৃংঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হলেন। সর্বশেষ গত ১৪ মে রাতে মিরপুর উপজেলার আটিগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত আরেক বন্দুকযুদ্ধে সাইদুল হক নামের একজন নিহত হন। র‌্যাবের দাবি সাইদুল চরমপন্থী সংগঠনের সদস্য ছিলেন। রোববার নিহত সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক (৩৫) উপজেলার চক গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। পুলিশের দাবি, সিদ্দিক নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) কুষ্টিয়া জেলা কমান্ডার ছিলেন। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ রোববার দিবাগত রাত ২টার দিকে কুর্শা গ্রামে অভিযানে যায়। গ্রামের জি. কে. সেচ খালের পাশে চরমপন্থীরা গোপন বৈঠক করছিলো। তিনি বলেন, অভিযানকারী দলটি জি. কে. খালের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের লক্ষ করে চরমপন্থীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ২০ মিনিট পর চরমপন্থীরা পালিয়ে যায়। এএসপি কামাল জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে সিদ্দিকুরের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। সোমবার সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ছয়টি গুলি, তিনটি গুলির খোসা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয় বলেও তিনি জানান। মিরপুর থানার ওসি মেহেদী হাসান জানান, সিদ্দিকুরের বিরুদ্ধে পাঁচটি হত্যা, একটি চাঁদাবাজি, একটি অপহরণ, একটি ডাকাতি, একটি বিস্ফোরকসহ নয়টি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০০০ ঘ.