শরীয়তপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীতে মাছবাহী ট্রলারে ডাকাতির সময় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডাকাতদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন।
উপজেলার মঙ্গলমাঝি ফেরি ঘাটে রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।
জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন ব্যবসায়ী একটি ট্রলারে করে মাছ নিয়ে মাওয়া ঘাটে যাচ্ছিলেন।
পদ্মার মাঝামাঝি আসার পর একটি স্পিডবোটে করে ১২/১৪ জনের একদল ডাকাত তাদের ওপর হামলা চালায়।
মাছ ব্যবসায়ী অলিউল্লাহ মোবাইল ফোনে মঙ্গল মাঝিরঘাটে খবর দিলে ১০/১২টি স্পিডবোটে করে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। তারা ডাকাতদের ঘেরাও করে ফেললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- ব্যবসায়ী দানেশ মাদবর (৫৫), আবুল কাসেম ফকির (২২), উত্তম দাস (৪০), ভুট্ট (২৫), হাবিবুর রহমান (৪৫), অলিউল্লাহ (৩৫)।
সংঘর্ষের এক পর্যায়ে একটি আন্তজেলা ডাকাত দলের প্রধানসহ সাতজনকে ধরে ফেলে। বাকি ডাকাতরা নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- বরগুনা জেলার রাজু হাওলাদার (৩৭), জাকির হাওলাদার (২৮), মজিবুর আকন (৩২), মাদারীপুরের সাগর বেপারী (৫০), হারুন চৌকিদার (৩৮), পটুয়াখালীর নাজির হাওলাদার (৪০) ও শরীয়তপুরের জাজিরা উপজেলার নূরুল দর্জি (৫০)।
জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে পুলিশ খবর পেয়ে ঘাটে গিয়ে ডাকাতিতে ব্যবহৃত স্পিডবোটসহ সাতজনকে হেফাজতে নেয়।
গণপিটুনিতে আহত ডাকাতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে জাজিরা থানায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১০১ ঘ.
bdnews24