২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার 'প্রতিশ্রুতি' দেবেন না মহিউদ্দিন

চট্টগ্রামের মেয়র নির্বাচনের প্রচারে কোনো 'প্রতিশ্রুতি' দেবেন না বলে জানিয়েছেন নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 03:06 PM

Updated : 26 Apr 2022, 01:05 AM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মেয়র নির্বাচনের প্রচারে কোনো 'প্রতিশ্রুতি' দেবেন না বলে জানিয়েছেন নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। রোববার দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এবারের নির্বাচনে ভিন্ন কৌশলে নির্বাচনী প্রচারণা চালাবেন জানিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, "গতবারের নির্বাচনের কৌশল ছিলো 'দোয়া চাই'।" তিনি জানান, প্রচার শুরু হলেই কৌশল জানা যাবে। পুরো পরিকল্পনা করা আছে। নির্বাচনী আইনকে শ্রদ্ধা করেন জানিয়ে মহিউদ্দিন বলেন, "এবার কোনো ওয়াদা করব না।" মেয়র পদে প্রার্থিতায় দলীয় সিদ্ধান্ত না মানলে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা নেবে বলেও জানান মহিউদ্দিন। শনিবার রাতে দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন দেওয়া হয়। এর আগে মহিউদ্দিনবিরোধী বলে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী মেয়র পদে তার মনোনয়নপত্র জমা দেন। এখনো তা প্রত্যাহার হয়নি। কোন ধরনের নির্বাচনী ক্যাম্প না করার ঘোষণা দিয়ে মহিউদ্দিন জানান, ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাইবো। জনগণ আমার আগের কাজের ওপর ভিত্তি করেই ভোট দেবেন বলেন বলে আশা করছি। প্রতিপক্ষ সম্পর্কে মহিউদ্দিন বলেন, "আমি কাউকে দুর্বল ভাবি না।" এদিকে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মেয়র পদে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন রেজাউল করিম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মেয়র পদে দলের সিদ্ধান্ত মানে নেত্রীর সিদ্ধান্ত। দলের একজন সদস্য হিসেবে আমি দলীয় শৃঙ্খলা ভাঙতে পারি না।" আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০৩ ঘ.