লন্ডন, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে নিলামে উঠতে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫টি চিত্রকর্ম ফেরত চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্য।
চিত্রকর্মগুলো ফেরত আনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রী মনোমোহন সিংকে চিঠি দিয়েছেন বুদ্ধদেব।
রবীন্দ্রনাথের বন্ধু ও সচিব লেনার্ড এলম্হার্স্ট প্রতিষ্ঠিত ডারটিংটন হল ট্রাস্ট চিত্রকর্মগুলো নিলামে তুলছে। আগামী ১৫ জুন লন্ডনের খ্যাতনামা নিলামকেন্দ্র সদবিস-এ এগুলো বিক্রি হবে। চিত্রকর্মগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে দুই লাখ ৫০ হাজার পাউন্ড। এর আগেও রবীন্দ্রনাথের একটি চিত্রকর্ম ১ লাখ ২০ হাজার পাউন্ডে বিক্রি করেছে সদবিস।
চিত্রকর্মগুলো লেনার্ডকে দান করেছিলেন রবীন্দ্রনাথ। ডারটিংটন ট্রাস্টের কাছে রবীন্দ্রনাথের চিত্রকর্ম ছাড়াও অনেক আলোকচিত্র, চিঠিপত্র ইত্যাদি সংরক্ষিত আছে।
চিত্রকর্মগুলো বিক্রির কারণ বিষয়ে ট্রাস্ট জানায়, তারা শিল্প ও সামাজিক ন্যায়বিচার সম্পর্কিত উচ্চাভিলাষি প্রকল্প বাস্তবায়নে তহবিল সংগ্রহ করতে চায়।
মনমোহন সিংকে লেখা চিঠিতে বুদ্ধদেব বলেন, "ডারটিংটন ট্রাস্টে রাখা রবীন্দ্রনাথের চিত্রকর্মগুলো ভারতীয় সংস্কৃতির অমূল্য সম্পদ। ভারত সরকারকে এগুলো ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নিতেহবে।"
১৯৪১ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত রবীন্দ্রনাথের আঁকা প্রায় দুই হাজার চিত্রকর্ম রয়েছে।
লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত লর্ড ব্রিটিশ লর্ড সভার সদস্য টেগোর সেন্টারের পৃষ্ঠপোষক ব্যারোনেস ফ্লেদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়ে বলেন, "এটা আমার এবং সব ভারতীয়ের জন্য খুবই ক্ষোভের। এগুলো এভাবে বিক্রি করা উচিত নয়।"
ভারত সরকার অথবা জাদুঘরের সঙ্গে যোগাযোগ করে ডারটিংটন ট্রাস্টের চিত্রকর্মগুলো বিক্রির চেষ্টা করা উচিত ছিলো বলে মনে করেন ফ্লেদার।
সদবিস-এর মুখপাত্র বলেছেন, কোন ভারতীয় প্রতিষ্ঠান চিত্রকর্মগুলো কিনে নিলে তারা এবং ডারটিংটন ট্রাস্ট আনন্দিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/প্রতিনিধি/পিডি/২০০৫ ঘ.
bdnews24