২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইলা দুর্গতদের পুনর্বাসনে ঠিকমতো কাজ হয়নি'

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, আইলা দুর্গতদের পুনর্বাসনের কাজটি ঠিকভাবে সরকার করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 10:54 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, আইলা দুর্গতদের পুনর্বাসনের কাজটি ঠিকভাবে সরকার করতে পারেনি। এজন্য উপকূলীয় এলাকার সরকারি কর্মকর্তাদের গাফিলতি এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ের অভাবকে দায়ী করেছেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে রোববার রাজধানীর ব্রাক সেন্টারে এক সভায় সাবের বলেন, এ (আইলা) দুর্যোগ মোকাবেলায় জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করতে পারেনি। এখন সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় খুলনাসহ উপকূলীয় এলাকায় মারা যায় ২৩ জন। ঝড়ে খুলনার কয়রা ও দাকোপ এলাকায় বাঁধ ভেঙ্গে অনেক গ্রাম প্লাবিত হয়। বাঁধ মেরামত না হওয়ায় এখনো জোয়ারে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকায়। এছাড়া খাবার পানিরও তীব্র সঙ্কট সেখানে। ঃ জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বদলীয় সংসদীয় কমিটির সভাপতি সাবের বলেন, "আইলা সম্পর্কে স্থানীয় প্রশাসনের তথ্যের ঘাটতি থাকার কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তেমন উদ্যোগ নিতে পারেনি সরকার। "বেসরকারি বিভিন্ন সংস্থা ও সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে মধ্যে সমন্বয়ের অভাবে আইলায় ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা দেওয়া সম্ভবপর হয়নি।" 'জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন' শীর্ষক ওই আলোচনা সভা আয়োজন করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলার ফান্ড দেওয়ার ঘোষণা হলেও বাংলাদেশ এখনো কোনো সহায়তা পায়নি। সে ধরনের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভেনশনে জলবায়ু পরির্বতনের ফলে ক্ষতিগ্রস্তদের বিষয়টিও যেন স্থান পায় সে জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানান তিনি। আইওএমের আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমার পরিচালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল মমিন তালুকদারসহ পরিবেশ বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮০০ ঘ.