লক্ষ্মীপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরে বণিক সমিতির সভাপতিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
লক্ষ্মীপুর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জুলফিকার আলীর আদালতে রোববার মামলাটি করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখা সভাপতি আবদুর রহিম সওদাগর।
আসামিরা হলেন- লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, মাওলানা আবদুল হাই, আবুল খায়ের, আবদুল আজিজ ও মফিজুর রহমান।
এছাড়া অজ্ঞাত আরো তিনজনকে মামলায় আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে আবদুল হাই ১৯৭১ সালের পর থেকে এখন পর্যন্ত পলাতক।
বিচারক মামলাটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদি বলেন, ১৯৭১ সালে ১২ ডিসেম্বর ভোরে অভিযুক্তরা তার বড় ভাই ফারুক হোসেন, একই এলাকার হোসেন আহম্মদ ও তোফায়েল আহম্মদকে হত্যা করে।
পরিবেশ অনুকূলে না থাকায় এতদিন মামলা করতে পারেননি বলে মামলায় বলা হয়।
বাদি পক্ষের মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৪০ ঘ.
bdnews24