ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং চাঁদাবাজির অভিযোগ এনেছেন ঢাকার সবুজবাগের এক ব্যক্তি।
অভিযোগ সম্বলিত মামলার আরজি তিনি রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করেছেন। হাকিম শাহাদাত হোসেনের আদালতে দুপুরে এর শুনানি হওয়ার কথা রয়েছে।
আরজিটি করেছেন সবুজবাগের দক্ষিণ মাণ্ডা এলাকার ব্যবসায়ী মো. জহিরুল হক বাবুল।
তিনি আসামি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মতিউর রহমান, পরিদর্শক মো. কিবরিয়াকে। এছাড়া অজ্ঞাতনামা আরো চারজনকে আসামির তালিকায় রাখা হয়েছে।
আরজিতে বলা হয়, বাবুলকে গত ১৮ মে তার বাড়ির নিচতলায় জহির ডেইরি ফার্মের কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তা না দিলে হত্যার হুমকি দেয় আসামিরা।
বাবুলের অভিযোগ, এরপর হাতকড়া পরিয়ে তাকে আজিমপুরের একটি মাঠে নিয়ে নির্যাতন করা হয়। পরে এক লাখ টাকা দিয়ে ছাড়া পান তিনি।
তিনি বলেন, এ নিয়ে তিনি সবুজবাগ থানায় মামলা করতে চাইলেও তা নেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১২৩০ ঘ.
bdnews24