২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সাংবাদিক লাঞ্ছিত

প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে গাজীপুরে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 10:51 AM

গাজীপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে গাজীপুরে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। লাঞ্ছিত সাংবাদিক হলেন স্থানীয় দৈনিক মুক্ত সংবাদের প্রধান সম্পাদক মো. সোহরাব হোসেন। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শুক্রবার তার দৈনিকে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সন্ধ্যায় তার কার্যালয়ে গিয়ে তাকে মারধর করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের একদল নেতা-কর্মী। "সত্য ঘটনা ছাপাতে গিয়ে আমাকে লাঞ্ছিত হতে হলো, যা দুঃখজনক", বলেন তিনি। গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওয়াজউদ্দিন মিয়ার ছেলে বিপ্লবকে নিয়ে একটি সংবাদ প্রকাশ হয় মুক্ত সংবাদে। তবে ওয়াজউদ্দিন সাংবাদিকদের বলেন, তার ছেলেকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ ছাপা হয়। তার প্রতিবাদ জানাতে কয়েকজন মুক্ত সংবাদ কার্যালয়ে গিয়েছিলো। "রাত ৮টার দিকে পৌর মার্কেটে সোহরাবসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বৈঠক হয় এবং মুক্ত সংবাদ একটি প্রতিবাদ ছাপাতে সম্মত হলে বিষয়টি সেখানেই সুরাহা হয়", বলেন ওয়াজ। তিনি জানান, গাজীপুর পৌর নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হচ্ছেন। তার আগে একটি মহল তাকে হেয় করার চেষ্টা করছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে বলেন, তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.