ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন- এ অভিযোগ প্রমাণ করার জন্য আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের প্রতি পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মুক্তিযুদ্ধের সময় প্রতিমন্ত্রী কামরুল কোথায় ছিলেন- তাও জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া পাকিস্তানের চর ছিলেন।
এর সঙ্গে ভিন্নমত পোষণকারীদের সরাসরি টেলিভিশন বিতর্কে আসার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যের জবাবে ফখরুল শনিবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "জিয়াউর রহমান সম্পর্কে আইন প্রতিমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ মাত্র। এর কোনো ভিত্তি নেই। আমি আজ তাকে পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি- আপনার কথায় জিয়া পাকিস্তানের চর ছিলেন- তা আপনিই প্রমাণ দিন।"
মুক্তিযুদ্ধের সময়ে আওয়ামী লীগের একদল নেতাই স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তান অটুট রাখার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করেন ফখরুল। এক্ষেত্রে খোন্দকার মোশতাক আহমেদের নাম উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, "পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠনের প্রস্তাব কারা দিয়েছিলেন, কারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখতেন, তা দেশের মানুষ ভুলে যায়নি।"
এ প্রসঙ্গে তৎকালীন আওয়ামী লীগ নেতা ড. কামাল হোসেন মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানে অবস্থানের কথা উল্লেখ করেন ফখরুল।
এদিকে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানে অবস্থানের বিষয়ে ড. কামাল হোসেনের স্ত্রী হামিদা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী ওই সময় পাকিস্তানে অন্তরীণ ছিলেন। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মুক্তি পান এবং দেশে ফেরেন।
মির্জা ফখরুলের বক্তব্য নাকচ করে হামিদা বলেন, ড. কামালের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগ অপপ্রচার ছাড়া কিছুই নয়।
হরতাল কর্মসূচি নিয়ে সরকারি দলের সমালোচনার জবাবে ফখরুল বলেন, "যুদ্ধাপরাধীর বিচারের সঙ্গে বিএনপির ঘোষিত আন্দোলনের কোনো সম্পর্ক নেই। সরকার জনগণের সমস্যা ও নিজেদের ব্যর্থতা আড়াল করতে এখন যুদ্ধাপরাধীর বিচারের স্লোগানটি নিয়ে আসছে।"
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতেই বিএনপি ২৭ জুন হরতাল ডেকেছে।
বিএনপির কয়েকজন নেতাকে কারাগারে নির্যাতন চালানো হচ্ছে দাবি করে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আনেন সাবেক প্রতিমন্ত্রী ফখরুল।
তিনি বলেন, "কারাগারে আমাদের নেতাদের ওপর মধ্যযুগীর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। রিমান্ডের নামে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা চলছে। এতে কারাবন্দি বিএনপি নেতারা মারা যেতে পারেন।"
বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, এহছানুল হক মিলন, লুৎফুজ্জামান বাবর, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
কারাগারে তাদের সুচিকিৎসা এবং মুক্তি দাবি করেন ফখরুল।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সংসদ সদস্য হারুন রশীদ, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, মিলনের স্ত্রী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬১৫ ঘ.
bdnews24