ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারি থেকে সারা দেশে পুনরায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত 'উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম : উপানুষ্ঠানিক শিক্ষার ভবিষৎ কারিকুলাম' বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এ কথা বলেন।
শুক্রবার এক তথ্য বিবরনীতে এ খবর জানানো হয়।
মন্ত্রী বলেন, 'সরকার ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে কাজ করে যাচ্ছে। এজন্য ২০১১ সালের জানুয়ারি থেকে সারা দেশে পুনরায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, অতিরিক্ত সচিব সুরাইয়া বেগম এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক রেজাউল কাদের।
কর্মশালায় ড. আহসানুল হক 'ছবি দিয়ে পড়া শিখি' শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/
bdnews24