ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় আইলা দুর্গত মানুষের এক বছরের জীবন-যন্ত্রণার সরেজমিন অভিজ্ঞতার আলোকে ১৫ জন সাংবাদিকের লেখা প্রবন্ধ ও আলোকচিত্রের সংকলন নিয়ে একটি প্রকাশনা প্রকাশিত হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার এবং বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল যৌথভাবে 'সাংবাদিকদের সাক্ষ্য' শীর্ষক এ প্রকাশনার মোড়ক উম্মোচন করেন।
অনুষ্ঠানে মিহির কান্তি মজুমদার বলেন, 'উপকূলীয় বাঁধসংলগ্ন সাত হাজার কিলোমিটার এলাকা জুড়ে বনায়ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। যা দুর্যোগ মোকবেলায় সহায়ক হবে।'
এছাড়া বাঁধ সংরক্ষণ ও মেরামতের জন্য সংশ্লিষ্ট এলাকার লোকজনকে সম্পৃক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
গত বছর ২৫ মে দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে।
গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এবং ইমার্জেন্সি ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট (ইসিবি) বাংলাদেশ কনসোর্টিয়াম এ প্রকাশনা বের করেছে।
এতে আইলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও খুলনার মানুষদের দুঃখ দুর্দশা সর্ম্পকে জাতীয় ও আন্তর্জাতিক টিভি চ্যানেল, সংবাদপত্র ও সংবাদ সংস্থার ১৫ জন সাংবাদিকের প্রবন্ধ ও আলোকচিত্র প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহ সম্পাদক আশীফ এন্তাজ রবি, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ প্রতিনিধি জুলহাস আলম, ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সির (ইপিএ) বাংলাদেশ ব্যুরোর আলোকচিত্রী আবির আবদুল্লাহ, বর্তমানে বন্ধ টিভি চ্যানেল ওয়ানের বিশেষ প্রতিনিধি শামীম আল আমিন, রয়টার্সের বাংলাদেশ ব্যুরোর আলোকচিত্রী এন্ডু বারজি, দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট ওয়াসিম বিন হাবিব, এনটিভির স্টাফ রিপোর্টার মনজুরুল করিম, ইমার্জেন্সি ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্টের (ইসিবি) ব্যবস্থাপক মো. হারুন অর রশীদ, সিএসআরএল-এর সদস্য সচিব জিয়াউল হক মুক্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২১৩১ঘ.
bdnews24