২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীদের উত্ত্যক্ত: বিভিন্ন স্থানে গ্রেপ্তার ১৯

ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার রাজধানীসহ বিভিন্ন স্থানে ১৯ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 10:41 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার রাজধানীসহ বিভিন্ন স্থানে ১৯ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীর মগবাজারে এলাকায় স্কুলছাত্রীদের উত্যক্ত করার সময় ছয় বখাটেকে গ্রেপ্তার করে র‌্যাব। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুটি বিদ্যালয়ের সামনে মেয়েদের উত্ত্যক্ত করার সময় র‌্যাব সদস্যরা ছয়জনকে গ্রেপ্তার করে। রাজশাহীদের একই অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৩ এর গোয়েন্দা দল মগবাজার ফুট ওভার ব্রিজ থেকে ছয়জনকে আটক করে। এরা হলো- মো. আক্তারুজ্জামান ওরফে জুয়েল (১৮), মো. আরেফিন আমিন ওরফে রাজন (২০), মোফাজ্জল(২১), মো. জাফর আহমেদ (২৮), বিকাশ সরকার ওরফে তাপস (২৮) ও মিনাজল (৩০)। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায় আটককৃতদের মগবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলার করার প্রস্তুতি চলছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় গ্রেপ্তার করা হয় চার যুবককে। তারা হলো- উত্তরমান্দ্রা গ্রামের মো. আইউব আলী মাতব্বরের ছেলে মো. জহিরুল ইসলাম, পুর্ব কামারগাও গ্রামের ফজল গাজীর ছেলে মো. মোশারফ হোসেন, আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মো. পারভেজ হাওলাদার ও দক্ষিণ বালাশুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মাহাবুব হোসেন। একই উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয় আল আমিন বাজারের আওলাদ হোসেনের ছেলে মো. আতিকুল ইসলাম ও মধ্য কামারগাও গ্রামের পিয়ার হোসেনের ছেলে মো. পিয়াল হোসেনকে। আটকের পর তাদের প্রকাশ্যে কানে ধরিয়ে উঠবস করানো হয়। র‌্যাব-১১ এর মুন্সীগঞ্জ ক্যাম্প কর্মকর্তা এএসপি মিলন মাহমুদ জানান, সাদা পোশাকে র‌্যাবের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তার যুবকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজশাহী প্রতিনিধি জানান, উপশহর এলাকার কাজী সাকিব (১৫), শেখপাড়ার নাভিদ রিজওয়ান-উল হক (১৫), হেঁতেম খাঁ সবজিপাড়ার শাহ্নেওয়াজ সানি (১৫), কাজীহাটা এলাকার মাসরুর রহমান (১৫) ও ফাহাদ বিন আব্দুল আজিজ (১৫), ডিঙ্গাডোবা এলাকার মোনায়েম খান (১৫) ও বিশাল (২১) আটক করে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধাবর রাত ও বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তিনি জানান, তাদের থানা হাজতে রাখা হয়েছে। এরা তওবা করেছে আর কখনো মেয়েদের উত্ত্যক্ত করবে না। পরে মুচলেকা নিয়ে এদের ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এসএইচএ/কেএমএস/এইচএ/এমএসবি/২৩১১ ঘ.