২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রশাসনের উদাসীনতায় ভূমি নিয়ে মামলায় হারছে সরকার'

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের 'উদাসীনতায়' ভূমি সংক্রান্ত মামলাগুলোতে সরকার হেরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভূমি মন্ত্রী রেজাউল করিম হিরা। তিনি এ ব্যাপারে অসন্তোষও প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 04:38 PM

Updated : 25 Aug 2022, 10:41 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের 'উদাসীনতায়' ভূমি সংক্রান্ত মামলাগুলোতে সরকার হেরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভূমি মন্ত্রী রেজাউল করিম হিরা। তিনি এ ব্যাপারে অসন্তোষও প্রকাশ করেন। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের এক সভায় মন্ত্রী এ অভিযোগ করেন। সভায় জানানো হয়, ভূমি সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার কারণে সরকার জমি হারাচ্ছে। জেলা ও উচ্চ আদালতে দীর্ঘদিন ঝুলে থাকা ভূমি সংক্রান্ত মামলার তালিকা তৈরী করে দ্রুত ভূমি মন্ত্রণালয়ে জমা দিতে রেজাউল করিম হিরা জেলা প্রশাসন ও আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখাকে নির্দেশ দিয়েছেন। দেশে বিভিন্ন আদালতে ভূমি সংক্রান্ত প্রায় ৯১ হাজার ৫০০ মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে সুপ্রিম কোর্টে ২৫ হাজার ও জেলা আদালতগুলোতে ৫০ হাজার। এছাড়া ভূমি মন্ত্রণালয়ে ১০ হাজার ও সলিসিটর শাখায় সাড়ে ছয় হাজার মামলা ঝুলে আছে। জেলা ও উপজেলা ভূমি প্রশাসন এবং ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদাররা আদালত, সরকারি কৌসুলি ও মামলা সংক্রান্ত কর্তৃপক্ষের কাছে যথাযথ তথ্য সরবরাহ না করায় সরকারি কৌসুলিরা এসব মামলা পরিচালনা করতে পারছে না। সেইসঙ্গে এ কাজ তদারকিসহ আদালত ও কৌসুলিদের যথাযথভাবে মামলা সংক্রান্ত বিবরণী সময়মতো সরবরাহ নিশ্চিত করতে বিভাগীয় কমিশনারদেরও নির্দেশ দেন ভূমি মন্ত্রী। সভায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এইচএ/২২৩৩ ঘ.