খুলনা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ সব তথ্য ও প্রমাণাদি সংগ্রহ করা হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হলে তা আদালতের সামনে তুলে ধরা হবে।
বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আইনজীবী প্যানেলের প্রধান অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগেরদিন জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে তদন্ত কার্যক্রম শুরু করে।
যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে খুলনার মানুষের অভূতপূর্ব সাড়ায় তদন্ত দল অভিভূত বলে জানান টিপু।
তিনি আরো জানান, গত দুদিনে তারা চুকনগর বধ্যভূমি, নগরীর আনসার ক্যাম্প, গল্লামারী স্মৃতিসৌধ ও ভৈরব নদীর ঘাট পরিদর্শন করেছেন। তারা এসব স্থান থেকে প্রায় ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন।
এছাড়া এ অঞ্চলে অপরাধী হিসেবে যাদের নাম আলোচিত তাদের ব্যাপারে বেশ কিছু তথ্য উপাত্ত, বই, ম্যাগাজিন, ছবি ও ভিডিও সংগ্রহ করেছেন।
টিপুর বলেন, ত্র"টি বিচ্যুতি না রেখে দ্রুততার সঙ্গে তারা তদন্ত করছেন। তিনি তদন্ত কাজে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট জেয়াদ আল মালুম ও সৈয়দ হায়দার আলী, তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি গোলাম রব্বানী, সহ-সভাপতি ও গণহত্যা বিষয়ক গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন, মহাসচিব কাজী মুকুল, খুলনা শাখার সভাপতি শেখ বাহারুল আলম, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন প্রমুখ।
সভা শেষে জেলার বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে গত বছরের ১৭ এপ্রিল থেকে এ পর্যন্ত খুলনায় করা ১৭ টি মামলার কপি তদন্ত কমিটির কাছে হস্তান্তর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24