পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্তশাসনের ডাক পাহাড়ি ছাত্র পরিষদের
পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ডাক দিয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বৃহস্পতিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে তাদের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষে কেন্দ্রীয় সংগঠন ও ঢাকা মহানগর শাখা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থিরচিত্র প্রদর্শনী, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ডাকসুর সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার ডাকসুর সামনে এসে শেষ হয়। এখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
ঢাকা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্র" চিং থুয়াইন মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, কেন্দ্রীয় কমিটির সদস্য বাতায়ন চাকমা ও সুনয়ন চাকমা প্রমুখ। সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রতিনিধি হিসাবে মিনহাজ আহমেদ ও সংস্কৃতির নয়া সেতুর পক্ষ থেকে নিত্যানন্দ পাল বক্তব্য রাখেন।
সংগঠনের অতীত কার্যক্রম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আন্দোলন সংগ্রামের স্থির চিত্র নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীর। ডাকসুর সামনের সড়কে দিনব্যাপী স্থির চিত্র প্রদর্শনী করা হয়।
অংগ্য মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাগড়াছড়ির দিঘীনালা, পানছড়ি, মহালছড়ি, গুইমারা, খাগড়াছড়ি সদর; রাঙ্গামাটির কাউখালি, নানিয়া চর, শুভলং এবং বান্দরবান সদরের বালাঘাটায় মিছিল সমাবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
