গাইবান্ধা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলা নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষে বুধবার গাইবান্ধায় অন্তত ১৭ জন আহত হয়েছে।
ভাংচুর চালানো হয় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে।
এ সময় গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করলে দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে মানিক (১৮), আপেল (২০), নাদিম (১৮) ও বিউটি বেগমকে (৩০) সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি আকবর হোসেন জানান, বেলা ৩টার দিকে গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল খেলা নিয়ে সদর উপজেলার থানাপাড়া ও ফকিরপাড়ার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এ সময় কয়েকজন যুবক কলেজের দরজা জানালার কাচ ও দু'টি বাস ভাংচুর করে।
এক পর্যায়ে থানাপাড়ার লোকজন ফকিরপাড়ার কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।
এর প্রতিবাদে ফকিরপাড়ার লোকজন বিকাল ৪টা থেকে দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ এলে তারা অবরোধ তুলে নেয়।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৪ ঘ.
bdnews24