সিলেট, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, "দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন খুন-খারাবি হচ্ছে। এক কথায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক পর্যায়ে চলে গেছে।"
বুধবার বিকালে সিলেট নগরীর একটি হোটেলে 'বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতির পরিকল্পনা' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সংসদ সদস্য এরশাদ।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবক্ষয় বিরাজ করছে মন্তব্য করে তিনি বলেন, "দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জঙ্গিবাদসহ নানা ধরনের অপরাধ প্রবণতা কোনোভাবেই নির্মূল করা যাচ্ছে না।"
এরশাদ মনে করেন, কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় যুবসমাজ হতাশ হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
স্বাধীনতার পর বিভিন্ন সময় শাসনতান্ত্রিক সংস্কার ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়ার প্রসঙ্গ টেনে সাবেক একনায়ক বলেন, এর ধারাবাহিকতায় তিনি দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব উত্থাপন করেন।
দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তাতে এককেন্দ্রিক সরকারের পক্ষে সুষ্ঠু ও সুন্দরভাবে শাসনকার্য পরিচালনা করা সম্ভব নয় বলে মনে করেন এরশাদ।
তিনি বলেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনে বিষয়টি আবারো সংসদে তুলে ধরবেন।
প্রস্তাবিত জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ও সাধারণ সম্পাদক সুনীল শুভরায় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৩ ঘ.
bdnews24