ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) জন্য বৃহস্পতিবার থেকে আবেদন জমা এবং মে মাস থেকে গ্রাহকদের ওই পাসপোর্ট দেওয়া শুরু হবে।
বুধবার আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে মূল বক্তব্য পড়েন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার। তিনি ও এমআরপি এবং এমআরভি'র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স্বরাষ্ট্র সচিব জানান, প্রথম পর্যায়ে ঢাকা পাসেপোর্ট অফিস থেকে এমআরপি'র আবেদন করা যাবে। ১৮ এপ্রিল থেকে ১০টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে আবেদনের সুযোগ থাকবে।
পর্যায়ক্রমে দেশের নির্ধারিত ২৪টি আঞ্চলিক অফিস থেকে আবেদন করা যাবে বলে জানান তিনি।
এমআরপি এবং এমআরভি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আইরিশ।
তুরস্কের পাসপোর্ট প্রকল্পের কাজ সময় মতো শেষ করতে না পারায় ওই দেশ ২০১১ সালের অক্টোবর পর্যন্ত সব সরকারি কাজে অংশ নেওয়া থেকে আইরিশকে নিষিদ্ধ করে।
প্রতিষ্ঠানটিকে কাজ পাইয়ে দেওয়ার ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগে সাংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়।
এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব বলেন, "এ ধরণের কোনো প্রশ্ন এখন না করাই ভালো। এসব প্রশ্নে উত্তর দেওয়া ঠিক হবে না।
"আমরা কাজ করছি কাজ করে দেখাতে চাই।"
রেফায়েত উল্লাহ বলেন, "যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতেই আইরিশকে কাজ দেওয়া হয়েছে।"
"কাজ শেষ করতে যদি ব্যর্থ হই তা হলে যে কোনো শাস্তি মাথা পেতে নেবো," বলেন তিনি।
আবেদন করার পর প্রয়োজনীয় কাজ শেষে মে মাসের প্রথম সপ্তাহে পাসপোর্ট দেওয়ার আশা প্রকাশ করেন রেফায়েত।
স্বরাষ্ট্র সচিব বলেন, "আবেদন করার পর প্রথম প্রথম এমআরপি পেতে একটু দেরি হবে।
"তবে কারো যেন কোনো অসুবিধা না হয় সে দিকটি খেয়াল রেখে এক বছর মেয়াদের হাতে লেখা পাসপোর্ট দেওয়া হবে।"
এক প্রশ্নের জবাবে সচিব জানান, এই প্রকল্পে মোট চারশ ৮৩ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পের ব্যয় বাড়তে বা কমতেও পারে।
এমআরপি জরুরি ছয় হাজার টাকা এবং সাধারণ তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প পরিচালক জানান, প্রতিটি পাসপোর্ট তৈরিতে সাত-আটশ টাকা খরচ হবে।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) ২০১০ সালের এপ্রিলের মধ্যে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালু করতে দেশকে নির্দেশনা দেয়।
নির্দেশনার পর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর দেশে এমআরপি/এমআরভি চালুর প্রকল্প হাতে নেয়।
গত বছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক দরপত্র ডাক হয়।
৩২টি দরপত্র বিক্রি হলেও ২৭ অক্টোবর দরপত্র খোলার পর দেখা যায় বিভিন্ন দেশের আটটি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। এই আটটি প্রতিষ্ঠানের মধ্যে আইরিশকে মনোনিত করা হয়।
দেশে বর্তমানে একশ কোটি ২০ লাখ ম্যানুয়েল পাসপোর্টধারী রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১১৩ ঘ.
bdnews24