২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস মালিকানা নিয়ে শেভরনের দাবি নাকচ

বাংলাদেশের কাছে ২৪ কোটি ডলার দাবি করে শেভরনের করা আবেদন নাকচ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 08:33 AM

Updated : 25 Aug 2022, 10:38 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কাছে ২৪ কোটি ডলার দাবি করে শেভরনের করা আবেদন নাকচ হয়েছে। তেল ও গ্যাস উত্তোলনকারী কোম্পানিটির আবেদন অযৌক্তিক বলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপ্যুট'র তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার তা নাকচ করে। এ তথ্য নিশ্চিত করে পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শেভরন চাইলে এখন আপিল করতে পারে। বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদে দেশের ১২, ১৩ ও ১৪ নম্বর গ্যাস ক্ষেত্রের গ্যাসের উৎপাদন-অংশীদারিত্ব চুক্তির একটি বিষয় নিয়ে শেভরন ২০০৬ সালের ১৭ মার্চ এ আবেদন করেছিলো। চুক্তির একটি ধারায় ছিলো, পাইপলাইন স্থাপনে দুর্ঘটনা এবং বিভিন্ন শুল্ক হিসেবে উত্তোলিত গ্যাসের শেভরনের পুরো অংশের ৪ শতাংশ পাবে পেট্রোবাংলা। এ গ্যাস পেট্রোবাংলা পরিচালিত পাইপলাইনের মাধ্যমে গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য বাংলাদেশি গ্রাহকদের সরবরাহ করা হয় । ১৯৯৯ সাল থেকে এসব গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হলে এ অংশটি কেটে নিতে শুরু করে পেট্রোবাংলা। শেভরন দাবি করে, শুধু তৃতীয় কারো কাছে গ্যাস বিক্রি করা হলেই পেট্রোবাংলা গ্যাসের ৪ শতাংশ দাবি করতে পারবে। ২০০৯ সালের ৯ মে এই আবেদনের শুনানিতে বাংলাদেশ সরকারের কাছে ২৪ কোটি ডলার দাবি করে শেভরন। এছাড়াও জালালাবাদ, বিবিয়ানা, মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের উত্তোলিত গ্যাসের বিরোধপূর্ণ এ ৪ শতাংশের আজীবন মালিকানা দাবি করে কোম্পানিটি। ট্রাইব্যুনালে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষে ড. কামাল হোসেন, ড. শরীফ ভূঁইয়া ও মঈন গনি। এছাড়াও ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম। বেশ কজন বিদেশি আইনজীবীও এতে সহায়তা করেন। এরা হলেন- টোবি ল্যানডাউ কিউসি (এসেক্স কোর্ট চেম্বার), জেরেমি পি কার্ভার, স্যামুয়েল এ স্টার্ন (হিলস স্টার্ন অ্যান্ড মরলি এলএলপি) এবং প্রফেসর লঁরাস বোয়াসোঁ দ্যো শাজুন্র্। শেভরনের পক্ষে ছিলো কিং অ্যন্ড স্পলডিং এলএলপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিবি/এএএম/কিইএইচ/এমআই/এএমটি/১৫৩৫ ঘ.