রাজবাড়ী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন।
সদর উপজেলার নিমতলা এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে মঙ্গলবার প্রথম প্রহরে এ দুর্ঘটনা ঘটে বলে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক দীপক কুমার জানিয়েছেন।
দুর্ঘটনা কবলিত বাস দুটির একটি যশোর থেকে ঢাকামুখী হানিফ পরিবহনের এবং অপরটি ঢাকা থেকে পটুয়াখালীগামী পটুয়াখালী এক্সপ্রেসের।
নিহতদের মধ্যে হানিফ পরিবহনের বাসের চালকও রয়েছেন বলে পুলিশ কর্মকর্তা দীপক সাংবাদিকদের জানান।
নিহত অন্য চারজনের পরিচয় মেলেনি। এর মধ্যে একটি শিশু রয়েছে।
আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই দীপক বলেন, রাত ১টার দিকে এ দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়।
লাশ পাঁচটি রাজবাড়ী সদর থানায় রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.
bdnews24