২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আরো ১৯৭৪ গুলি উদ্ধার

কুমিল্লার বরুড়া উপজেলায় আরো এক হাজার ৯৭৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চার দফায় ১০ হাজার ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 04:46 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

কুমিল্লা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার বরুড়া উপজেলায় আরো এক হাজার ৯৭৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চার দফায় ১০ হাজার ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হলো। এসব গুলির উৎস এখনো বের করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। সোমবার সকালে বরুড়া উপজেলার শিলমুড়ি এলাকার একটি কবরস্থান থেকে দুটি বস্তাভর্তি গুলি উদ্ধার করে র‌্যাব। বরুড়া থানার ওসি রতন কৃষ্ণ নাথ গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এর আগে ১ মে শিলমুড়ি ইউনিয়নের বালুয়া গ্রামের একটি কালভার্টের নিচ থেকে বস্তাভর্তি ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব গুলি ছিল এসএলআর'র। পরদিন শিলমুড়ি গ্রাম থেকে উদ্ধার করা হয় আরো ৬ হাজার ৮৮১ রাউন্ড গুলি। এর মধ্যে ৬ হাজার ৫শ'টি চায়নিজ রাইফেলের এবং ৩৮১টি এলএমজির গুলি। গুলির উৎসের সন্ধানে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট সফিকুল ইসলাম শিলমুড়ি আর আর উচ্চ বিদ্যালয় মাঠে ৫ মে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এর চারদিনের মাথায় ওই এলাকা থেকে আবারো ৭২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্পের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলমুড়ি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের পারিবারিক কবরস্থান থেকে এসব গুলি উদ্ধার করে র‌্যাবের একটি দল। ওই কর্মকর্তা জানান, গুলি উদ্ধারের ঘটনায় কয়েকটি গ্র"পে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৬ ঘ.