বেনাপোল, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান রতন হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শার্শা উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন খুন হন।
রাতেই রতনের বড়ভাই জাহাঙ্গীর আলম শার্শা থানায় একটি মামলা (নম্বর ৭) করেন। এতে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়।
রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নিজ নিজ গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলতা গ্রামের আব্দুল খালেক (৫০), কৃষ্ণপুর গ্রামের শাহীন (৪০) ও নয়ন (২৭), গোকর্ণ গ্রামের জলিল মেম্বার এবং তেবাড়ীয়া গ্রামের চান মিয়া (৩৮)।
এদের মধ্যে নয়ন ছাড়া বাকি চারজন এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
শার্শা থানার ওসি এনামুল হক জানান, রতন খুন হওয়ার পর থেকে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রতনের লাশ ময়নাতদন্ত শেষে সকালে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৮ ঘ.
bdnews24