চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন চট্টগ্রাম-১০ আসনের সরকারদলীয় সাংসদ ও চেম্বার সভাপতি এম এ লতিফ এবং মহিউদ্দিন বিরোধী বলে পরিচিত আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন।
দল মনোনয়ন না দিলেও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মতো দু'জনই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এম এ লতিফের পক্ষে অর্ধশতাধিক ব্যক্তি মিছিল নিয়ে নগরীর রহমতগঞ্জে নির্বাচন কমিশন কার্যালয়ে যান।
লতিফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার প্রধান নির্বাচন সমন্বয়কারী এনামুল হক মুনীরী।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মিছিল বা শ্লোগান দেওয়া যাবে না। লতিফ বর্তমানে জাপান সফররত একটি বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
রোববার লতিফসহ মোট ১৩ জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়রের বিপক্ষের লোক বলে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসি'র পক্ষের আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন, প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহম্মদ চৌধুরীর ছেলে ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী রয়েছেন।
বিকাল সাড়ে চারটার দিকে আ জ ম নাছির তার অনুসারী শতাধিক নেতাকর্মী নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এলেও কেউ কোনো শ্লোগান দেয়নি।
তিনি মনোনয়নপত্র সংগ্রহ করার পর উপস্থিত সাংবাদিকদের বলেন, "চট্টগ্রামবাসী আমাকে প্রচণ্ড ভালোবাসে। তাদের চাপে আমি মেয়র নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।"
দল থেকে এখনো কাউকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে কাউকে না দেওয়ায় দলের মনোনয়ন এখন সবার জন্য উন্মুক্ত।
দল অন্য কাউকে মনোনয়ন দিলে তিনি দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানান।
আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২০ মে পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২২২৯ ঘ.
bdnews24