২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে বাংলার মাটিতে তাদের বিচার হবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 10:33 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে বাংলার মাটিতে তাদের বিচার হবেই। তিনি রোববার বিকালে দক্ষিণ কোরিয়ার সউলে ঝাংচুং জিমনেশিয়ামে বাংলাদেশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার চায় এবং সরকার ইতোমধ্যেই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।" প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "১৯৭৩ সালে বঙ্গবন্ধুর উদ্যোগে এ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সম্পর্ক আরো জোরদার করার উদ্দেশ্যেই আমার এই সফর।" শেখ হাসিনা প্রবাসীদের ভালোমন্দ ও সুযোগ-সুবিধা দেখার জন্য বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়ে বলেন, "তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে সচল রাখতে সহযোগিতা করছে।" তিনি দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের পণ্য আমদানি ও কর্মী নিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশে আরো কারিগরি প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র ও নার্সিং ট্রেনিং স্কুল প্রতিষ্ঠায় সউলের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি অপার সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে বলেন, "আমরা গরিব হতে পারি কিন্তু মনের দিক থেকে গরিব নই। যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তারা কখনোই পিছনে পড়ে থাকতে পারে না।" বাংলাদেশ দূতাবাস, দক্ষিণ কোরিয়া মাইগ্রেন্টস সেন্টার ও বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ফ্রেন্ডশীপ ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ বাংলাদেশ উৎসবে সউলসহ দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশী অংশগ্রহণ করেন। এই উৎসব ও শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাঙালিদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী উৎসবস্থলে এলে তারা মুহুর্মূহু করতালি ও শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন। এসময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং অন্য সফর সঙ্গীরা। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দক্ষিণ কোরিয়ার শ্রমমন্ত্রী লিম থে-হি। বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ফ্রেন্ডশীপ ফোরামের সভাপতি কিম চোং হোয়াং, বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ, সংসদ সদস্য ইমরান আহমেদ, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ভোরে সউল পৌঁছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএস/কেএসএস/২১০৯ ঘ.