২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন কর্মকর্তার ওপর সরকার সমর্থকদের হামলা

রংপুরে গাছ চোর আটক করার জেরে মতাসীন আওয়ামী লীগের কর্মীরা বন বিভাগের এক কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 10:33 AM

রংপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - রংপুরে গাছ চোর আটক করার জেরে মতাসীন আওয়ামী লীগের কর্মীরা বন বিভাগের এক কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রেজাউল করিম মিঠাপুকুর উপজেলার শালটিগোপালপুর বন বিভাগের বিট কর্মকর্তা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রেজাউল সাংবাদিকদের বলেন, শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে (রেজাউল) অফিসের কাজে স্থানীয় গোপালপুর বাজারে গেলে হারুন ও হিরনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তাকে পিটিয়ে গুরুত আহত করে। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মারধরের ঘটনায় রেজাউল করিম থানায় আরো একটি মামলা করেন রোববার সকালে। এর আগে শুক্রবার গাছ চুরি ও বিট কার্যালয়ে হামলার ঘটনায় তিনি আরো দুটি মামলা করেন। মারধর ও অফিসে হামলার মামলায় হারুন, হিরন, সুজন ও আলীমসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। গাছ চুরির মামলার আসামি হলেন স্থানীয় ফারাজ উদ্দিন। রেজাউল অভিযোগ করেন, হামলাকারীরা মতাসীন আওয়ামী লীগের কর্মী এবং এলাকায় প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। দলীয় কর্মীদের এ হামলার ব্যাপারে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জাকির হোসেন কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার (১৩ মে) রাতে মিঠাপুকুর উপজেলায় শালটিগোপালপুর বন বিটের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় ফারাজকে আটক করেন তিনি। পরদিন (শুক্রবার) সকালে মিঠাপুকুর থানায় পাঠানোর সময় হারুন ও হিরন লোকজন নিয়ে বনবিট কার্যালয়ে হামলা চালায় এবং ফারাজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা রেঞ্জ কর্মকর্তা আনিসুল ইসলাম ও বন কর্মকর্তা রেজাউলকে লাঞ্ছিত করে এবং অফিসে ভাংচুর চালায়। পরে মিঠাপুকুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফারাজকে থানায় নিয়ে যায়। মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) অনন্ত কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৭ ঘ.