রোহন জিয়াদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭৮ শতাংশ শিক্ষার্থী, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে বলা হচ্ছে। গতবার পাসের হার ছিলো ৬৭ শতাংশ।
ফলাফল নিয়ে সন্তুষ্ট সরকার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। শিক্ষার মানের উন্নতি লক্ষ করা যাচ্ছে, ফল প্রকাশের পর শনিবার বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু হিসেব কষলে বেরিয়ে আসে অন্য চিত্র।
এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা ২০০১ সালে পড়তো দ্বিতীয় শ্রেণীতে।
পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যায়, ২০০১ সালে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৪০ লাখ ৪৯ হাজার ৬৪০ জন।
এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য।
অথচ ২০১০ সালে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে অংশ নেয় ৯ লাখ ১২ হাজার ৫৭৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৫৬০ জন।
অর্থাৎ যে সংখ্যক শিক্ষার্থী বিদ্যালয়ে ঢুকে শিক্ষা জীবন শুরু করেছিলো, তার ৮২ দশমিক ৩৮ শতাংশই এসএসসির বৈতরণী পার হতে পারেনি।
বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়ার জন্য দারিদ্র্যকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
ব্যানবেইসের তথ্য অনুযায়ী, ২০০১ সালে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়তো তারা যখন ২০০৮ সালে অষ্টম শ্রেণীতে আসে, তখন সংখ্যা কমে দাঁড়ায় ১১ লাখ ৫৫ হাজার ৮৬৩ জনে।
অর্থাৎ প্রাথমিকেই শেষ হয়ে যায় এক-তৃতীয়াংশের বেশির শিক্ষা জীবন। অষ্টম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত আসতে ঝরে গেছে আরো আড়াই লাখ।
শিক্ষার্থীদের এ ঝরে পড়ার বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামাজিক- অর্থনৈতিক অবস্থাই এর মূল কারণ।"
"প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই অতি দারিদ্রসীমার নিচে বাস করে এবং এর পরবর্তী শিক্ষা অবৈতনিক না হওয়ায় তারা এর বেশি পড়তে পারে না", বলেন তিনি।
দেশে মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক হলেও শিক্ষার অন্য ব্যয় মেটাতে অভিভাবকদের অক্ষমতা এবং সামাজিক প্রতিকূলতা ঝরে পড়া ঠেকাতে অন্তরায় হিসেবে কাজ করছে বলে সংশ্লিষ্টদের মত।
অধ্যাপক ইকবাল বলেন, দেশে প্রাথমিক শিক্ষার বর্তমান হাল অত্যন্ত খারাপ। যে কারণে শিক্ষার্থীরা মাধ্যমিকে এসে তাল মেলাতে পারে না।
"২০০৯ সাল থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এ সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা করছি। কারণ এর সঙ্গে স্কুলের সুনাম জড়িত, তাই শিক্ষকরা শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদানে মনোযোগী হবে", বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক কাজী খলীকুজ্জমানও শিক্ষার্থীদের ঝরে পড়ার জন্য দারিদ্র্যকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শিক্ষার্থীদের দুপুরের খাবার এবং বৃত্তির সুযোগ বাড়ানো এ সমস্যা সমাধানে সহায়ক হবে বলে মনে করেন জাতীয় শিক্ষানীতি কমিটির এ সদস্য।
অবসরপ্রাপ্ত সচিব আকবর আলি খান গলদ দেখছেন পুরো শিক্ষাব্যবস্থায়ই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা হলো এটা অত্যন্ত কেন্দ্রীভূত।
তিনি বলেন, "সব অঞ্চলে সমস্যা এক নয়, সুতরাং একই পদক্ষেপ সব অঞ্চলে কাজে নাও লাগতে পারে।"
সমস্যা সুনির্দিষ্ট করে এরপর পদক্ষেপ নেওয়া গেলে সমাধান মিলতে পারে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা।
শনিবার আটটি শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১০ বোর্ডের এসএসসি ও সমমানের ফলাফল একযোগে প্রকাশ হয়।
এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ১২ লাখ ৯৭৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট ৯ লাখ ৬০ হাজার ৯৪২ জন। উত্তীর্ণের হার ৭৯ দশমিক ৯৮ শতাংশ। গতবছর এ হার ছিলো ৭০ দশমিক ৮৯ শতাংশ।
এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ১৩৪ জন। ১০ বোর্ড মিলিয়ে এ সংখ্যা ৮২ হাজার ৯৬১।
উত্তীর্ণের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "স্কুল থেকে প্রতি বছর যে শিক্ষার্থীরা ঝরে পড়ে তা রোধ করার জন্য এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিলাম আমরা। এ কারণেই এবার পাসের হার বেশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এলএন/এমআই/১১১১ ঘ.
bdnews24