চাঁদপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সংঘর্ষের আশঙ্কায় ওই স্কুল এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময়টাতে ১৪৪ ধারা জারির ফলে নির্বাচন হতে পারেনি।
সকাল ৮টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ আদেশ এসে পৌঁছে।
নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী গাজী তোফায়েলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় চরকালিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ও মামলা হয়েছে। গাজী তোফায়েলের বিরুদ্ধে আপত্তিকর পোস্টার লাগানোর সময় শুক্রবার ছাইফুল (২২) ও কবির (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
নির্বাচনের এক প্রার্থী গাজী ইলিয়াছুর রহমান অভিযোগ করেন, গাজী তোফায়েল প্রশাসনের যোগসাজসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সে কারণেই এখানে ১৪৪ ধারা জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24