ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরশন নির্বাচনে (সিসিসি) দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে দুই-তিনদিনের মধ্যেই বিএনপির নীতি নির্ধারকরা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন দলের একাধিক নেতা।
সিসিসি নির্বাচনে অংশগ্রহণ এবং সম্ভাব্য মেয়র প্রার্থীর বিষয়ে চট্টগ্রাম বিএনপি নেতাদের সর্বসম্মত সিদ্ধান্ত বৃহস্পতিবার রাতেই চেয়ারপারসন খালেদা জিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম উত্তরের সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
"চট্টগ্রাম বিএনপির সিনিয়র নেতাদের সর্বসম্মত সিদ্ধান্ত খালেদা জিয়াকে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত দুই নেতা।"
চট্টগ্রামের নেতারা সর্বসম্মতভাবে মহানগর সভাপতি সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকেই চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য দলের চেয়ারপারসনের কাছে প্রস্তাব রেখেছেন। একাধিক নেতার সঙ্গে কথা বলে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তাদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহানগর সভাপতিই সিটি মেয়র প্রার্থী হবেন। এটাই রীতি হয়ে গেছে। এক্ষেত্রে বিএনপির নেতারাও মনে করেন, খসরু সাহেবকে প্রার্থী করা হলে দলে বিভেদ থাকবে না।"
তবে আমীর খসরু সিসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত নন বলে তার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে চট্টগ্রাম বিএনপির জ্যেষ্ঠ নেতারা বৈঠক করে সিসিসি নির্বাচনে অংশগ্রহণ এবং সম্ভাব্য মেয়র প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেন।
দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ছাড়া বৈঠকে অন্য নেতারা সবাই ছিলেন।
তারা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তরের সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, মহানগর সহসভাপতি দস্তগীর চৌধুরী, শামসুল আলম, মহানগর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাবেক হুইপ ওয়াহিদুল আলম।
আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এসএম/ডিডি/এইচএ/২৩১৪ ঘ.
bdnews24