কুমিল্লা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন।
শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট নন্দন কান্তি ধর।
নিহতদের মধ্যে আছেন বাসচালক আব্দুল মতিন (৪০)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে একটি শিশু রয়েছে।
সার্জেন্ট নন্দন কান্তি জানান, ফেনী থেকে ঢাকাগামী স্টারলাইন পরিবহনের বাসটি একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই বাসচালক মারা যান।
তিনি আরো জানান, আহতদের ঢাকা, দাউদকান্দি ও গৌরিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানাতে পারেননি তিনি।
এ ব্যাপারে দাউদকান্দি থানায় মামলা হয়েছে।
সার্জেন্ট আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ করে প্রায় দুই ঘণ্টায় পরিস্থিতি সামাল দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24