২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৮

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার রাতভর দফায় দফায় সংঘর্ষে ৮ ছাত্র আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 02:11 PM

Updated : 24 Aug 2022, 09:28 PM

ঠাকুরগাঁও, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার রাতভর দফায় দফায় সংঘর্ষে ৮ ছাত্র আহত হয়েছে। পুলিশ এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার ও সংঘর্ষের আশংকায় শতাধিক ছাত্র বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। শহরের গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭ বছর পর গত বুধবার ঠাকুরগাঁও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বুধবার মধ্যরাতে সার্কিট হাউসে ফখরুল ইসলাম জুয়েলকে জেলা কমিটির সভাপতি ও ফয়সাল আহমেদ পলাশকে সাধারন সম্পাদক ঘোষনা করে সার্কিট হাউস ত্যাগ করেন। এর প্রতিবাদে ছাত্রলীগের পুলক গ্র"প শহরের চৌরাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে ও সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এখানে সমাবেশে বক্তব্য রাখে রকি, যতি, পুলক ও তুষার। তারা অভিযোগ করেন, কমিটি গঠনে ত্যাগী ও জ্যেষ্ঠদের উপেক্ষা করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার ছাত্রলীগের বিক্ষুব্ধ কয়েকশ কর্মী নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করে এবং গণ পদত্যাগের ঘোষনা দেয়। বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা শহরের চৌরাস্তায় সভার আয়োজন করার সময় যুবলীগের কর্মীরা বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। কিছুক্ষন পর আর্টগ্যালারী মোড়ে আবার সংঘর্ষ বাঁধে। কয়েক দফা সংঘর্ষে দোলন (২২), সোবহান (২৫), আলমগীর (২২), মেহেদী (১৭), পুলক (২২), রিংকু (২১), নাহিদ (২০) ও সাধন (১৮) আহত হয়। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। দোলনের অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ সজীব নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়। সংঘর্ষের ঘটনায় কোন মামলা হয়নি। তবে শতাধিক ছাত্রলীগ কর্মী বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশ সুপার বি এম হারুন-অর-রশীদ জানান, বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে। ছাত্রলীগ সূত্র জানায়, বুধবার দুপুরে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি ইস্রাফিল আলম শাহীনের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন সম্মেলনের উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দবিরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক সাংসদ ইমদাদুল হক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মকবুল হোসেন বাবু, সাদেক কুরাইশী, কামরুল হাসান খোকন, মাহমুদ হাসান রিপন, অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। সম্মেলন শুরুর আগে ছাত্রলীগ শহরে একটি শোভাযাত্রা বের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০৬ ঘ.