২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত নৌ শ্রমিক নেতার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ধর্মঘটে ইন্ধনের অভিযোগ এনে খুলনার নৌযান শ্রমিক ফেডারেশনের সাত নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 01:28 PM

Updated : 24 Aug 2022, 09:29 PM

খুলনা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্মঘটে ইন্ধনের অভিযোগ এনে খুলনার নৌযান শ্রমিক ফেডারেশনের সাত নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। নৌযান শ্রমিকদের ধর্মঘটের সপ্তম দিনে শুক্রবার সকালে খুলনায় এক মতবিনিময় সভায় তিনি প্রশাসনকে এ নির্দেশ দেন। নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে গত শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মন্ত্রী বরেন, দেশের অধিকাংশ স্থানে নৌ-চলাচল স্বাভাবিক হলেও খুলনায় এখনো অচলাবস্থার নিরসন হয়নি। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ধর্মঘটের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। ধর্মঘটের ইন্ধন দেওয়ার অভিযোগ এনে তিনি খুলনা শাখা নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি বাহারুল ইসলাম, কাশেম মাস্টার, দেলোয়ার, আলী আসগর, আলী আকবর, দিদার ও জাহাঙ্গীরসহ সাতজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন। নৌ-চলাচল স্বাভাবিক রাখতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে সমন্বয়ক করে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন মন্ত্রী। শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের সময়সীমার বিষয়টি জানিয়ে তিনি বলেন, যারা কাজে যোগ না দেবে, তাদের পেশাগত সনদ বাতিল করা হবে। তথাকথিত আন্দোলনকারী সংগঠনেরও সনদ বাতিল করা হবে। এ ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে বুধবার নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার বিকালের মধ্যে নৌযান শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে সময়সীমা আরো ২৪ ঘণ্টা বাড়ানো হয়। ঢাকা থেকে সড়কপথে সকাল ১০টার দিকে মন্ত্রী খুলনা পৌঁছান। এরপর খুলনা সিটি করপোরেশনের মেয়র, র‌্যাব, পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তা, নৌযান মালিকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন- সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক জমশের আহাম্মদ খন্দকার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্র"পের সভাপতি ওয়াহিজ্জামান খান পল্টু ও মহাসচিব সাইফুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯২১ ঘ.