গাজীপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি জমিতে অনধিকার প্রবেশ, মাটি কেটে নিয়ে যাওয়া ও সরকারি কর্মকর্তাকে হুমকির মামলায় বসুন্ধরার একটি আবাসন প্রকল্পের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ।
গ্রেপ্তারকৃত মাসুম হোসেন বসুন্ধরা মৌচাক সিটি আবাসন প্রকল্পের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা।
কালিয়াকৈর থানার ওসি মো. আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোররাতে মধ্যপাড়া এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়।
এর কয়েক ঘণ্টা আগেই বসুন্ধরা গ্র"পের বিরুদ্ধে দুটি মামলা করেন গাজীপুরের সফিপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।
মামলা দুটিতে বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ এপ্রিল উপজেলার মধ্যপাড়া মৌজায় বসুন্ধরা মৌচাক সিটি আবাসন প্রকল্পের জায়গা ভরাটের জন্য শাহ আলমের নির্দেশে ৪০-৫০ জন লোক সরকারি জমি থেকে যন্ত্রের সাহায্যে মাটি কেটে নিয়ে যায়। স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিতে গেলে তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়ে।
পরদিন আরেকটি সরকারি জমি থেকে বসুন্ধরা গ্র"পের ৩০-৩৫ জন লোক একইভাবে বাধা উপেক্ষা করে মাটি কেটে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৩০ ঘ.
bdnews24