২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি রিকুইজিশন: পুলিশ-চালক সংঘর্ষ, গ্রেপ্তার ৬

গাড়ি রিকুইজিশনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীতে পুলিশ ও গাড়ি চালকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 05:50 PM

Updated : 24 Aug 2022, 09:25 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি রিকুইজিশনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীতে পুলিশ ও গাড়ি চালকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই সময় ফার্মগেট থেকে সোনারগাঁও মোড় পর্যন্ত প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। তেজগাঁও থানার ওসি মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে সোনারগাঁও মোড়ে একজন ট্রাফিক সার্জেন্ট রিকুজিশনের জন্য একটি ট্যাক্সিক্যাবকে থামার নির্দেশ দেন। চালক গাড়ি থামিয়ে রাস্তায় ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। ওসি বলেন, পরে পুলিশের এক গাড়িচালক ট্যাক্সিক্যাবটি কাওরান বাজারের আন্ডারপাসের কাছে নিয়ে রাখে। এর কিছুক্ষণ পর ৭/৮টি ট্যাক্সিক্যাব নিয়ে চালকরা সেখানে জড়ো হয় এবং ট্যাক্সিক্যাবগুলো রাস্তায় যত্রতত্র ফেলে রাখে। এক পর্যায়ে তারা পুলিশের গাড়িচালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাকে মারধর করে। পরে আশপাশের কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ক্যাবচালকরা। বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার এবং ৪টি ট্যাক্সিক্যাব আটক করে। অবশ্য ট্যাক্সিক্যাব চালকরা অভিযোগ করেছেন, পুলিশ সার্জেন্টের নির্দেশে ট্যাক্সিক্যাবটি একটু দুরে গিয়ে থামলে সার্জেন্ট এসে এর চালককে মারধর ও গালাগাল করেন। এই খবর পেয়ে অন্য চালকরা এসে প্রতিবাদ করলে পুলিশ তাদেরও মারধর করে। সালাউদ্দিন নামে ভুক্তভোগী এক ট্যাক্সিক্যাব চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাফিক পুলিশ প্রতি মাসেই দুই থেকে তিনবার যানবাহন রিকুইজিশন করে নিয়ে যায়। এগুলো মাসের অর্ধেক সময় পুলিশ ব্যবহার করে। কোনো টাকা-পয়সা দেয়না পুলিশ। এতে গরিব, অসহায় চালকদের পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২৩০৬ ঘ.