ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া ও নেত্রকোনায় দুই সাংবাদিককে হত্যার চেষ্ট করেছে দুর্বৃত্তরা।
বগুড়ার শাহাজানপুর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার স্থানীয় দৈনিক মুক্তবার্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম বকুলকে দুর্বৃত্তরা জবাই করে হত্যার চেষ্টা করে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামে বুধবার রাতে কালেরকণ্ঠ পত্রিকার হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়নকে কুপিয়ে হত্যার চেষ্ট করে দুর্বৃত্তরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
বগুড়া: শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা কার্যালয়ের সামনে থেকে একদল দুর্বৃত্তর বকুলকে মাইক্রোবাসে করে চকজোড়া বাহারামপুর এলাকায় একটি ইটের ভাটায় নিয়ে যায়। সেখানে জবাই করার চেষ্টাকালে বকুলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে।
এ সময় দুর্বৃত্তরা বকুলের দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়।
আহতাবস্থায় বকুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বকুল সাংবাদিকদের বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
নেত্রকোনা: মোহনগঞ্জ থানার ওসি শেখ সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী থানার একাধিক মামলার আসামি রিপুল দলবল নিয়ে রাত ১১ টার দিকে চয়নের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক কুপিয়ে জখম করে।
পরে আশংকাজনক অবস্থায় চয়নকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রিপুলকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24